শ্রীনগরে এক্সপ্রেসওয়ে পার হওয়ার সময় দুর্ঘটনা, দুই পা ভাঙল নারীর

  বিশেষ প্রতিনিধি    28-07-2026    17
শ্রীনগরে এক্সপ্রেসওয়ে পার হওয়ার সময় দুর্ঘটনা, দুই পা ভাঙল নারীর

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগরে অজ্ঞাতনামা গাড়ির চাপায় অজ্ঞাত পরিচয়ে এক নারী গুরুতর আহত হয়েছেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। মঙ্গলবার ( ২৮ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে শ্রীনগর উপজেলার ঢাকা-মাওয়া হাইওয়ে এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে ষোলঘর এলাকায় এ ঘটনা ঘটে।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, সকাল সাড়ে ৬ টার দিকে শ্রীনগর ফায়ার স্টেশনে সংবাদ আসে এক অজ্ঞাত নারী রাস্তা পারাপারের সময় গাড়ির চাপায় উভয় পা ভেঙে গুরুতর আহত হয়েছেন। সংবাদ পাওয়ার পরপরই শ্রীনগর ফায়ার স্টেশনের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত ওই নারীকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটেছে। তবে আহত নারীর নাম ও ঠিকানা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। মুহাম্মদ সফিকুল ইসলাম আরও বলেন, রাস্তা পারাপারের সময় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। যেখানে ফুটওভার ব্রিজ বা আন্ডারপাস রয়েছে, সেখানে অবশ্যই তা ব্যবহার করে রাস্তা পারাপার করতে হবে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘাতক গাড়িটিকে শনাক্তের চেষ্টা চলছে।

সারাদেশ-এর আরও খবর

আরও পড়ুন